November 12, 2026, 3:03 pm

ফেনীর বেদেপল্লিতে অভিযানে ১৭ লাখ টাকা ও ইয়াবা জব্দ, আটক ১৪

Reporter Name
  • আপডেট Thursday, November 12, 2026
  • 19 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ফেনী শহরতলির লালপোল এলাকার বেদেপল্লিতে টানা তিন ঘণ্টার মাদকবিরোধী অভিযান চালিয়ে নগদ ১৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা, টাকা গণনার মেশিন, ৬০০ পিস ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ১৪ জনকে আটক করা হলেও বরাবরের মতো এবারও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মাদক কারবারের মূল নিয়ন্ত্রকেরা।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুমের নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান, ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।
ফেনী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বেদেপল্লি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, টাকা গণনার মেশিন, মাদকদ্রব্য এবং মাদক সেবন ও বিক্রির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ১৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তবে বারবার অভিযান পরিচালনা করেও মাদক কারবারের নেপথ্যের মূল হোতাদের গ্রেপ্তার করতে না পারায় স্থানীয়দের মধ্যে অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, পুরো ফেনীর মানুষ জানে, লালপোল বেদেপল্লিতে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলে আসছে। এ কারণে সেখানে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল বলেন, জব্দ করা মাদক বিক্রির টাকা, মাদকদ্রব্য ও বিভিন্ন সরঞ্জামের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আটক ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
মূল মাদক কারবারিদের গ্রেপ্তার করতে না পারার বিষয়ে তিনি বলেন, পুলিশ বিপুলসংখ্যক সদস্য নিয়ে অভিযানে নামলে তারা আগাম খবর পেয়ে পালিয়ে যান। মূলত সোহেল, তারেক ও শিরিন নামের তিন ব্যক্তি এখান থেকে পুরো মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বেদেপল্লি উচ্ছেদের বিষয়ে নিশাত তাবাসসুম আরও জানান, এলাকাটি থেকে অবৈধ বসতি ও মাদকের আখড়া উচ্ছেদের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ-সংক্রান্ত কার্যক্রমও চলমান রয়েছে। সেখানে অনেক মানুষের বসবাস থাকায় এক দিনে উচ্ছেদ করা সম্ভব নয়। তবে খুব শিগগিরই উচ্ছেদ অভিযান শুরু হবে। চূড়ান্ত উচ্ছেদ না হওয়া পর্যন্ত সেখানে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর