মোঃ আক্তার হোসেন ডালি:: গাজীপুর মহানগরের টঙ্গীর আউচপাড়া হযরত আয়েশা (রাঃ) জামে মসজিদের সংলগ্ন এলাকায় শুক্রবার মরহুম পুলক সরকারের মেয়ে প্রিয়াঙ্কা রানী সরকারের বিয়ে সম্পন্ন হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মা হারানোর পর প্রিয়াঙ্কা ও তার ভাই সৌরভ সরকার তাদের বৃদ্ধ দাদির কাছে বড় হচ্ছিল। পরিবারের আর্থিক সংকটের কথা জানতে পেরে আউচপাড়া রসুলবাগ বাড়ির মালিক সমিতি উদ্যোগ নেয়। হযরত আয়েশা (রাঃ) জামে মসজিদের মোতাওয়াল্লি আব্দুর রহমান, সমাজসেবক আব্দুল হাকিম এবং বাড়ির মালিক সমিতির সদস্যরা বিষয়টি নিয়ে ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেকের সঙ্গে আলোচনা করলে তিনি সার্বিক সহযোগিতার দায়িত্ব গ্রহণ করেন। সম্মিলিত প্রচেষ্টায় বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়। একটি হিন্দু পরিবারের আনন্দের দিনে মুসলিম প্রতিবেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকায় হিন্দু-মুসলিম সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসার এক উজ্জ্বল নজির হিসেবে প্রশংসিত হয়েছে। শেখ মোহাম্মদ আলেক বলেন, “মানুষের পরিচয় তার মানবিকতায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ধর্ম নয়, মানবতাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। হযরত আয়েশা (রাঃ) জামে মসজিদের মোতাওয়াল্লি আব্দুর রহমান, আব্দুল হাকিম এবং আউচপাড়া রসুলবাগ বাড়ির মালিক সমিতির সম্মিলিত সহযোগিতায় এই মানবিক উদ্যোগ সফল হয়েছে। ভবিষ্যতেও আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকতে চাই।”