August 4, 2026, 6:03 pm

হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Tuesday, August 4, 2026
  • 28 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: আদালতের নির্দেশনা উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আগাম প্রচার বা সম্প্রচারের ঘোষণা দিয়ে কোনো সংবাদ প্রকাশ করলে তা আদালতের আদেশের লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ধরনের ঘটনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান জানান, এ বিষয়ে সরকার এর আগেও গণমাধ্যমের জন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করেছিল। কেউ যদি আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচার বা সম্প্রচারের খবর প্রকাশ করে, তবে সেটি আদালতের নির্দেশনা অমান্যের শামিল হবে।
তিনি বলেন, আদালতের নির্দেশনা মেনে চলা ব্যক্তি ও প্রতিষ্ঠান-সবার দায়িত্ব। সরকারের দায়িত্ব হলো আদালতের সিদ্ধান্ত কার্যকর করা এবং তা বাস্তবায়ন নিশ্চিত করা। এজন্য বিষয়টি নিয়ে গণমাধ্যমকে আবারও সতর্ক করা হবে।
তবে ব্যক্তিগত মতামত তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের নিষেধাজ্ঞা না থাকলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা থাকা উচিত ছিল না। কারও যদি আদালতের আদেশের বিষয়ে আপত্তি থাকে, তাহলে আইনগতভাবে আদালতেই তা চ্যালেঞ্জ করা যেতে পারে। কিন্তু আদেশ বহাল থাকা পর্যন্ত তা মেনে চলতে হবে।
সংবাদ সম্মেলনে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিনের তথ্য সরকার দুই থেকে তিন দিন পরে জানতে পারার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন এবং তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়ার অবস্থায় নেই।
তিনি জানান, বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনা হবে এবং তথ্য জানাতে বিলম্ব হওয়ার কারণ খতিয়ে দেখা হবে। প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আগের সরকারের প্রভাব এখনো রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও দেশত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলেও দীর্ঘ ১৫ বছরে প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের একদিনে পরিবর্তন করা সম্ভব নয়।
তার ভাষ্য, প্রশাসন ও অন্যান্য প্রতিষ্ঠানে আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো রয়েছেন। তবে পরিবর্তনের ক্ষেত্রে দক্ষ জনবল তৈরি, সময়ের প্রয়োজন এবং রাষ্ট্রীয় সেবার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনছে। তবে এমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যাতে জনগণের জন্য সরকারি সেবার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। মানুষের দোরগোড়ায় নিরবচ্ছিন্নভাবে সরকারি সেবা পৌঁছে দেওয়াই সরকারের প্রধান অগ্রাধিকার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর