স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর নবম দফায় ডাকা ৮৪ ঘণ্টা অবরোধের প্রথম দিনে গতকাল রবিবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত গণপরিবহনের সংখ্যা বেড়েছে। কিন্তু গণপরিবহণের তুলনায় যাত্রী সংখ্যা তেমন একটা চাপ দেখা যায়নি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার, স্টেশন রোড, মিলগেট, কলেজ গেট, হোসেন মার্কেট, চেরাগআলী এবং টঙ্গী-কালীগঞ্জ সড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়ক-মহাসড়কে গণপরিবহন বেড়েছে। কিন্তু স্বাভাবিক দিনের থেকে তুলনামূলকভাবে গণপরিবহনে যাত্রীর সংখ্যা অনেক কম দেখা গেছে।
টঙ্গী স্টেশন রোডের ঢাকাগামী যাত্রী আনিসুর রহমান বলেন, হরতাল অবরোধের কারণে রাস্তায় যাত্রীর সংখ্যা অনেক কম। তারপরও আমাদের গাড়ি চালাতে হবে, তা না হলে আমরা সংসার চালাবো কিভাবে। রাজনৈতিক কারণে আমরা সাধারণ মানুষ অনেক কষ্টে আছি। আমাদের কথা কেউ চিন্তা করে না। এছাড়াও দ্রব্যমূল্যের দাম দিন দিন বেড়েই চলছে। সংসার চালাতে আমাদের হিমসিম খেতে হচ্ছে।
বনশ্রী পরিবহণের হেলপার মোতালেব হোসেন বলেন, আজ থেকে আবার হরতাল অবরোধ শুরু। রাস্তায় যাত্রী কম থাকায় গণপরিবহণও কম। তবে আগের তুলায় আজকে রাস্তায় গণপরিবহণের সংখ্যা বেড়েছে। যদি হরতাল-অবরোধ না থাকে তাহলে পরিবহণের সংখ্যাও বাড়ছে এবং যাত্রী সংখ্যাও বাড়বে।
আব্দুল্লাহপুর এলাকায় এনা পরিবহনের ম্যানেজার হান্নান মিয়া বলেন, যাত্রী কম থাকায় ঢাকা থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ৩/৪ঘন্টা পর অল্পসংখ্যক যাত্রী নিয়ে ২/১টি বাস ছেড়ে যাচ্ছে।
এ বিষয়ে টঙ্গী স্টেশন রোডে কর্তব্যরত জিএমপির ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) মোমিন আলী বলেন, হরতাল-অবরোধেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে কোনো ধরনের নাশকতা যেন না হয়, সে জন্য পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।