November 27, 2026, 10:09 pm

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • আপডেট Thursday, November 26, 2026
  • 26 জন দেখেছে

বিজয়বাংলাটিভি ডেস্ক:: আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রাণীদের যত্ন নেওয়া সম্ভব না হলেও অন্তত তাদের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ মনোভাব গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’
তারেক রহমান বলেন, ‘অনেক সময় আশপাশে দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে। তাদের কষ্ট দেয়। এটি কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।’
প্রাণীদের কষ্ট না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোনো প্রাণীর উপকার করতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’
শিশুদের মধ্যে প্রাণীদের প্রতি যত্ন ও মমত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘পরিবারের বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, আমাদের চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে।’
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা তৈরি করা গেলে এমন একটি সুন্দর পরিবেশ ও বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত হবে।’ এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর