নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে টানা অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হানের ছয় সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর পরিচালিত অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. এমরান হোসেন মাসুদ (২০), কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. ইকতিয়ার ফরহাদ (২০), মো. মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও মো. জাবেদ হোসেন (২৫)। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাত ৮টার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে যাওয়ার সময় স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েন মোহাম্মদ রায়হান আলম ও তাঁর সহযোগীরা।
এ সময় অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে ছয়জন পথচারী গুলিবিদ্ধ হন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিলে রায়হান পালিয়ে যান। তবে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ রায়হানের সহযোগী জাবেদ হোসেনকে আটক করেন তাঁরা। এরপর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার পর রায়হানকে গ্রেপ্তারে সুয়াবিল ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ হ্যান্ডমাইক ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রায়হানের অবস্থান সম্পর্কে তথ্য চান। তাঁকে ধরিয়ে দিতে সহযোগিতার আহ্বানও জানান তিনি।