মো: জাফর আলী:: বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (বাটজা) ২০২৬-২০২৯ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার এ্যাপেক্স হাসপাতালের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. শওকত হোসেন সরকার। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মুফতি নাসির উদ্দিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ট্যুরিস্ট ক্লাব গাজীপুরের সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রহমান, দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, দৈনিক বাংলা ভূমির সম্পাদক ও প্রকাশক মো. নজরুল ইসলাম আজহার, গাজীপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. কাজল খান, কোনাবাড়ি থানা প্রেসক্লাবের সভাপতি মো. সালাউদ্দিন আহমেদ, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো. কামরুল ইসলাম এবং খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মো. বখতিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশনের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি এম আমজাদ খান।
এ সময় নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে পর্যটন সাংবাদিকতার মানোন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পর্যটনশিল্পের প্রচার-প্রসার এবং দেশের পর্যটন সম্ভাবনাকে গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব ও গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর।
তিনি বলেন, পর্যটন সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশের পর্যটনশিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত কমিটির সকলকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা দেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে দায়িত্বশীল ও মানসম্মত পর্যটন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং দেশের পর্যটনশিল্পের বিকাশে সংগঠনটি ইতিবাচক ভূমিকা রাখবে।