বাগেরহাট প্রতিনিধি:: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাগেরহাট অত্যন্ত অবহেলিত একটি জেলা, তাতে কোনো সন্দেহ নাই। স্বৈরাচারের আমলে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বাতির নিচে অন্ধকারের মতো অনেকটা। ফ্যাসিবাদের ১৫ বা ১৭ বছর গোপালগঞ্জের মানুষ এসে বাগেরহাটকে শাসন করেছে। কিন্তু কিছুই দিয়ে যায়নি। আমরা এখন বাগেরহাটের জন্য আনতে চাই। বাগেরহাট অফিসার্স ফোরামের আয়োজনে জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আঞ্চলিক উন্নয়নবিষয়ক এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, উন্নয়নের জন্য রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে প্রশাসনের একটা সংযোগ প্রয়োজন। রাজনৈতিক নেতারা নীতিনির্ধারকের ভূমিকা পালন করে। এটাকে বাস্তবায়ন করতে হয় স্থানীয় প্রশাসনের মাধ্যমে। এ দুইয়ের যখন সমন্বয় হবে তখনই একটা সমাজ, রাষ্ট্র ও দেশ এগিয়ে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রশাসনে যারা আছেন তারা যদি সরকারকে সহযোগিতা করেন, তাহলে আমরা বাগেরহাটসহ সারা দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে পারব প্রধানমন্ত্রীর নেতৃত্বে।
বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, বাগেরহাট অফিসার্স ফোরামের সম্পাদক ও যুগ্ম সচিব মো. জাকির হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মাদ জাকির হোসেন, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলী, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন, তালিমসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।