স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালীগঞ্জে স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়া মা ও নবজাতকদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া ঈদগাহ মাঠে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও বক্তারপুর ইউনিয়ন পরিষদ। কর্মসূচির আওতায় মোট ২০০ জন মা ও নবজাতককে শুভেচ্ছা উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে অনুষ্ঠানে ১০ জন নবজাতকের হাতে নতুন কাপড়ের সেট, তোয়ালে, অ্যান্টিসেপটিক সামগ্রী এবং পুষ্টিকর খাদ্যসহ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। একইসঙ্গে প্রত্যেক মাকে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আখন্দ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নূরী এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক ও নিরাপদ প্রসবকে উৎসাহিত করার অংশ হিসেবে স্বাভাবিক উপায়ে সন্তান প্রসব করা মা ও নবজাতকদের এই শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। সরকারি উদ্যোগের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের সমন্বয়ে গ্রামীণ এলাকার প্রসূতি মায়েদের হাসপাতালে এসে নিরাপদ প্রসবে আগ্রহী করে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানে অংশ হিসেবে ২০০ জনের মধ্যে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।