July 28, 2026, 7:43 pm

স্বপন বেপারীর গ্রেপ্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • আপডেট Tuesday, July 28, 2026
  • 10 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: ভোলা উপজেলার ৫ নম্বর চর কলাতলী ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় মৎস্য ব্যবসায়ী স্বপন বেপারীর গ্রেপ্তার ও তার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, স্বপন বেপারীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং শারীরিক নির্যাতনের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা অস্ত্র মামলা দেওয়া হয়েছে। বক্তাদের অভিযোগ, অভিযানের সময় স্বপন বেপারীর কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। তাদের ভাষ্য, অন্য স্থান থেকে অস্ত্র এনে তাকে মারধর ও নির্যাতনের মাধ্যমে ওই অস্ত্র নিজের বলে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও দাবি করেন, স্বপন বেপারী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। এমন ঘটনাকে তারা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলেও উল্লেখ করেন। কর্মসূচি থেকে বক্তারা স্বপন বেপারীর বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলা প্রত্যাহার, গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে তারা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তবে এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর