April 21, 2026, 7:00 am

‘স্বনির্ভর দেশ গড়তে লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গঠন করা হবে’: পানিসম্পদ মন্ত্রী

Reporter Name
  • আপডেট Saturday, April 4, 2026
  • 41 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘স্বনির্ভর দেশ গড়তে লক্ষ্মীপুরেও কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গঠন করা হবে। জেলায় উৎপাদিত নারকেল, সুপারি, ধান ও সয়াবিনসহ বিভিন্ন পণ্যকে ঘিরে অর্থনৈতিক অঞ্চল গঠনের জন্য এটি উপযুক্ত একটি স্থান। তাই বিশেষ প্রকল্প গ্রহণের মাধ্যমে স্থানীয় মতিরহাট ও ভবানীগঞ্জ এলাকা পর্যন্ত রাস্তাঘাটের উন্নয়ন করে স্বনির্ভর লক্ষ্মীপুর ও বাংলাদেশ গঠনে এগোচ্ছে সরকার। এতে করে ভোলা, বরিশাল, নোয়াখালী ও চাঁদপুরের মানুষ সুফলভোগী হবেন।’
শনিবার (৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।
মন্ত্রী বলেন, এটিই হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনীতি। তাদের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্বে সম্পন্ন হবে। একই পরিবারে দুইজন প্রধানমন্ত্রী ও একজন প্রেসিডেন্ট এটি বিশ্বে একটি ইতিহাস ও বিরল ঘটনা। জনপ্রিয় ও জনবান্ধব হওয়ায় দেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে ক্ষমতায় বসান বলে মন্তব্য করেন এ্যানি।
এ আয়োজনে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু।
তিনি তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার জনগণের রায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। অনেকে অনেক রকম ষড়যন্ত্র ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে- এসব ব্যাপারে সজাগ থাকতে হবে। জনগণের জানমাল ও নিরাপত্তার দায়িত্ব সরকারের, আর সে হিসেবে তাদের (সরকারের) পথ চলা।’
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আসনের এমপি আবুল খায়ের ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী প্রমুখ।
এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। পরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে খাদ্য সামগ্রী (আলু, তেল, আটা, লবন, চিনি, মসুরের ডাল) বিতরণ করা হয়। লক্ষ্মীপুরে সাড়ে ৫ হাজারসহ সারাদেশে ৪০ হাজার জেলে পরিবারকে এ সহায়তা প্রদান করা হবে বলে জানা যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর