নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) স্পীকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা (গভর্ন্যান্স) ড্রাগন পপোভিক এবং সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন। বৈঠকে ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম, জাতীয় সংসদের অধিবেশন এবং কার্যপ্রণালি বিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “জাতীয় সংসদ ও ইউএনডিপির মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সুস্পষ্টভাবে নির্ধারণ করা প্রয়োজন।” নতুন সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্স আয়োজনের মাধ্যমে তাদের দায়িত্ব, কার্যাবলি ও এখতিয়ার বিষয়ে ইউএনডিপির সহায়তা কামনা করেন তিনি। বিশেষ করে নারী সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল ইউএনডিপির সঙ্গে দ্বিপাক্ষিক সফর বিনিময়ে অংশ নিতে পারে।” বর্তমান সংসদে বিরোধী দলের সহযোগিতামূলক ভূমিকার কথাও উল্লেখ করে তিনি বলেন, “সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে আন্তরিক ও উদার।”
সংসদে ডিজিটালাইজড লাইব্রেরি চালু, অধিবেশন পরিচালনায় স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং সংসদের নিজস্ব প্রিন্টিং ও প্রেস স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্পীকার।
জবাবে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “বাংলাদেশের বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত এবং কার্যকর। ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় সংসদের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
এ সময় তারা চলমান জ্বালানি সংকট ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়েও মতবিনিময় করেন। পাশাপাশি যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলোর নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করা হয়। সাক্ষাৎকালে ইউএনডিপির সংসদ বিষয়ক ফোকাল পার্সন মাহমুদুল হাসানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।