ক্রীড়া প্রতিবেদক :: টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামে বাংলাদেশ। সিলেট টেস্টে স্পিনারদের আধিপত্য থাকবে এটা আগেই অনুমেয়ই ছিল। হলোও তাই। প্রথম দিনে ব্যাটিংয়ে নেমে কিউইদের স্পিনের সামনেই নাকাল বাংলাদেশ। পুরো দিনে ৯ উইকেটের মাঝে নিউজিল্যান্ড নিয়েছে ৭ উইকেট। যদিও কিউইদের ঘূর্ণি সামলে তিনশ পার করেছে টাইগাররা। ৯ উইকেট হারিয়ে ৩১০ রান করে দিন শেষ করেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিন ম্যাচের শুরুটা দেখেশুনেই শুর করেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। কিউই স্পিনারদের বুঝেশুনে মোকাবিলা করছিলেন তারা। তবে ম্যাচের ১৩তম ওভারের তৃতীয় বলে এজাজ প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জাকির। এর আগে ১২ রান করেন তিনি।
জাকির আউট হলে ক্রিজে আসেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্টে প্রথমবার দেশকে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিজে এসেই ওয়ানডে মেজাজে ব্যাটিং শুরু করেন শান্ত। ৩৫ বলে দুই চার ও তিন ছক্কায় ৩৭ রান করে আউট হলেন গ্লেন ফিলিপসের অসহায় এক ডেলিভারিতে। আপার ফুলটসে এগিয়ে এসে লং অনে শট মারেন শান্ত। সেটি কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত হয়। এমন বলে উইকেট পাবেন, তা হয়তো ভাবেননি ফিলিপস নিজেও।
তৃতীয় উইকেটে জয় ও মমিনুল হক দ্বিতীয় সেশনে লম্বা সময় ধরে বাংলাদেশকে কক্ষপথে রাখেন। দুজনের ৮৮ রানের জুটিতে বিপর্যয় সামাল দেন। কিন্তু, হঠাৎই ছন্দপতন। দলীয় ১৮০ রানে মমিনুলকে ফিরিয়ে জুটি ভাঙেন গ্লেন ফিলিপস। উইকেটের পেছনে টম ব্লান্ডেলের ক্যাচে পরিণত হন মমিনুল। আউট হওয়ার আগে ৩৭ রান করেন তিনি। দ্বিতীয় সেশনের শুরুতেই ফিফটি হাঁকানো জয় এগিয়ে যাচ্ছিলেন শতকের দিকে। ব্যক্তিগত ৮৬ রান করে আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। ১৬৬ বলে ১১ চারে ৮৬ রান করা জয়কে স্লিপে ডেরিল মিচেলের ক্যাচ বানান ইশ সোধি।
এরপর আর কিইউদের ঘূর্ণি সামলাতে পারেনি কেউ। নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু ২৪, নুরুল হাসান সোহান ২৯ রান করে আউট হন। প্রথম দিনেই অলআউট হওয়ার শঙ্কা জাগে বাংলাদেশের। শেষ দিকে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামের ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে কোনোরকমে দিন পার করেছে স্বাগতিকরা। সিলেটে প্রথম দিন শেষে ৯ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১০ রান। দ্বিতীয় দিন সকালে আবারও ব্যাটিং নামবেন শরিফুল ইসলাম এবং তাইজুল ইসলাম। তাদের ১৯ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে কোনোরকমে দিন পার করেছে স্বাগতিকরা। নিউজিল্যান্ডের পক্ষে চার উইকেট নেন গ্লেন ফিলিপস। দুটি করে উইকেট পান আজাজ প্যাটেল ও কাইল জেমিসন।