November 24, 2026, 6:09 pm

মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে ৪ ডিসেম্বর শুরু ডিএনসিসি কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার::
  • আপডেট Tuesday, November 24, 2026
  • 23 জন দেখেছে

স্পোর্টস রিপোর্টার:: মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনার প্রত্যয়ে আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে এবারের প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে মোট ২০টি দল অংশ নেবে। ডিএনসিসির চারটি মাঠে একযোগে শুরু হবে টুর্নামেন্টের খেলা।
সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নগর উন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
তিনি বলেন, ডিএনসিসির দায়িত্ব শুধু রাস্তাঘাট নির্মাণ, সড়কবাতি স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা, মশকনিধন কিংবা সবুজায়নের মধ্যে সীমাবদ্ধ নয়। যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই খালি জায়গা দখলমুক্ত করে খেলাধুলার জন্য উন্মুক্ত করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মাঠ সংস্কার করে খেলার উপযোগী করে তোলা হয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকারের খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়ার নীতির আলোকে মাঠগুলো আরও কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। তরুণরা যেন খেলাধুলাকে শুধু বিনোদন নয়, ভবিষ্যতে পেশা হিসেবেও গ্রহণ করতে পারে এবং এর মাধ্যমে নিজের ও পরিবারের জন্য উপার্জনের সুযোগ পায়, সে লক্ষ্যেই কাজ চলছে।
তিনি বলেন, ‘আমাদের সন্তানদের আগামী দিনে খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে। তারা যেন খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে উপার্জন করতে পারে এবং একটি পরিবারের দায়িত্ব নিতে পারে—সেদিকে আমরা এগিয়ে যেতে চাই।’ টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বিশেষভাবে টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিংকে ধন্যবাদ জানান।
মোবাইল গেম ও মাদকের প্রতি তরুণদের আসক্তি কমাতে মাঠমুখী পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিশু-কিশোর ও তরুণদের জন্য পর্যাপ্ত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা গেলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।
আগামী ৪ ডিসেম্বর ডিএনসিসির বিভিন্ন অঞ্চলের মাঠে একযোগে খেলা শুরু হবে জানিয়ে তিনি স্থানীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট টিম ম্যানেজারদের নিজ নিজ মাঠে উপস্থিত থেকে আয়োজন সফল করার আহ্বান জানান। টুর্নামেন্টের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি।
ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনব্যাপী কর্মসূচির কথাও তুলে ধরেন প্রশাসক। এসব কর্মসূচির মধ্যে রয়েছে হাতিরঝিলে নৌকাবাইচ, ৩০০ ফিট এলাকায় ম্যারাথন, বনানীর কামাল আতাতুর্ক মাঠে ফ্লাওয়ার শো এবং নগর পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মীদের সম্মাননা প্রদান। পরিচ্ছন্নতাকর্মীদের ‘সিটিজেন হিরো’ হিসেবে সম্মানিত করার পাশাপাশি পরিচ্ছন্নতা, সবুজায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে।
অনুষ্ঠানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর ছাইদ হাছান কানন বলেন, মোবাইল গেম ও মাদকের আসক্তি থেকে তরুণদের মাঠে ফিরিয়ে আনতে এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে। শিশুদের জন্য খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি করা জরুরি।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, অতীতে ডিএনসিসি কাপ থেকে অনেক ফুটবলার জাতীয় পর্যায়ে উঠে এসেছেন। ভবিষ্যতেও এ আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিসিবি সভাপতি তামিম ইকবাল টুর্নামেন্টের প্রশংসা করে বলেন, ফুটবলের পাশাপাশি ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। এতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্যের সম্ভাবনা বাড়বে।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও মেয়র কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে। ফুটবলকে আবারও সাধারণ মানুষের প্রাণের খেলায় পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এবারের ডিএনসিসি কাপে ছেলেদের বিভাগে অংশ নেবে উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস এফসি, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ী রোভার্স, দক্ষিণ খান ডমিনেটর্স, উত্তর খান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্সসহ ১০টি দল।
অন্যদিকে মেয়েদের বিভাগে অংশ নেবে উত্তরা কুইন্স, মিরপুর রয়্যাল কুইন্স, মহাখালী মার্ভেলস এফসি, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ী ভ্যালকিরাইজ, দক্ষিণ খান ডেশার্স, উত্তর খান টাইগ্রেস, ভাটারা ভর্টেক্স ও বাড্ডা লাইটনিংসহ ১০টি দল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম, ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বিসিবি সভাপতি তামিম ইকবালসহ ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর