নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মাদক উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সকাল পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে জাহাঙ্গীর আলম প্রকাশ জনি, সোহেল, উজ্জ্বল, আ. আহাদ ও মোসা. রমিজা বেগমের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১০ হাজার টাকা। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।
এ ছাড়া ডাকাতি মামলা ও বিভিন্ন জিআর মামলায় সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন নাঈম, মো. রানা, পাভেল, মো. রাসেল ও আবু সাইদ।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১০ আসামিকে আজ শনিবার দুপুরে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।