সাভার (ঢাকা) প্রতিনিধি :: ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের ধারাবাহিক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আটজন পেশাদার মাদক ব্যবসায়ী ও একজন ছিনতাইকারী রয়েছে। ২১ ও ২২ এপ্রিল পরিচালিত অভিযানের তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সাভার থানাধীন ফুলবাড়িয়া স্ট্যান্ড এলাকায় চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন আ. আজিজ (৪১), রফিকুল ইসলাম (৩৩), মো. শামীম (৩৬) ও মো. নজরুল ইসলাম (৩৪)। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
অপর একটি অভিযানে একই সময় আশুলিয়া থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে মো. ফুয়াদ হোসেন (২৭) ও আশরাফুল আলম সুজন (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সাভার থানাধীন পোড়াবাড়ি বেদেপল্লী এলাকায় রবিন (২৬) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
অন্যদিকে, বুধবার রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে সাভারের ওয়াবদা রোড এলাকায় মো. জাফর (৫০) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।
এছাড়াও একই দিনে সাভার ব্যাংক কলোনী এলাকায় মো. রনি মোল্লা (২৮) নামে ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আ. আজিজের বিরুদ্ধে ৯টি, রফিকুল ইসলামের বিরুদ্ধে ১টি ও মো. শামীমের বিরুদ্ধে ১টি এবং রনি মোল্লার বিরুদ্ধে ৩টি মাদকসহ অন্য মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।