মো: রিয়াদ উদ্দিন, বিশেষ প্রতিনিধি:: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক দুটি এসি বাসের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন।
এ সময় তিনি বলেন, বিআরটিসির নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরির এ সক্ষমতা আমাদের জন্য গর্বের ও অহঙ্কারের। আমাদের সড়ক ব্যবস্থাপনায় এখনও কিছু বিশৃঙ্খলা রয়েছে। তারপরও আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সড়কে শৃঙ্খলা আনতে হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিআরটিসির নিজস্ব কারখানায় দুটি এসি বাস তৈরি শুধু সূচনা মাত্র। আমরা সংস্থাটিকে আরও সম্প্রসারণ করতে চাই। সবার প্রচেষ্টায় বিআরটিসি আরও উন্নত হবে।
বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, বিআরটিসি কেবল একটি পরিবহন সংস্থা নয়, এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান। নিজস্ব প্রশিক্ষণ অবকাঠামো ও ওয়ার্কশপের মাধ্যমে বিআরটিসি একটি সমন্বিত পরিবহন কাঠামো গড়ে তুলেছে। চলতি বছরের মধ্যেই কোরিয়া থেকে ৩৪০টি অত্যাধুনিক বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ ছাড়া ভবিষ্যতে নতুন ট্রাক ও কোস্টার বাস যোগ করার পরিকল্পনাও রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিআরটিসির পরিচালক (অর্থ ও হিসাব) ড. অনুপম সাহা, পরিচালক (প্রশাসন ও অপারেশন) মো. রাহেনুল ইসলাম, পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) কর্নেল কাজী আইয়ুব আলী এবং বিআরটিসির বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক ও কর্মকর্তারা।