স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পুরোনো স্লিপার চুরির সময় পাঁচজনকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় জনতা। আজ শুক্রবার গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গোলাঘাট গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাঁদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন গাজীপুরের টঙ্গী এলাকার হৃদয় (১৯), মো. নয়ন মিয়া (২৮), সুজন মিয়া (২২), শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মোস্তাক (২২) ও সাহেদ (১৯)। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।
গোলাঘাট গ্রামের বাসিন্দা আবু তালেব বলেন, ভোরে মসজিদে নামাজের জন্য যাওয়ার সময় এমদাদুল হক নামের এক ইমাম একটি পিকআপকে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন। সেখানে ছয় থেকে সাতজন লোক রেললাইনের পাশে পুঁতে রাখা পুরোনো লোহার স্লিপার পিকআপে তুলছিলেন। সন্দেহ হলে পাশের মাছের ঘেরে জেলেদের বিষয়টি জানান তিনি। পরে জেলে ও স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করা হয়। রেললাইনের কিছু ঝুঁকিপূর্ণ জায়গায় লোকজনের চলাচল ঠেকাতে পুরোনো স্লিপার দিয়ে বেড়া দেওয়া হয়। একটি চক্র বেশ কিছুদিন ধরেই স্লিপার, নাট-বল্টু ও অন্যান্য জিনিস চুরি করছিল বলে জানান স্থানীয় লোকজন।
রেলওয়ে পুলিশের জয়দেবপুর ফাঁড়ির ইনচার্জ মো. শহীদ উল্লাহ বলেন, পুরোনো স্লিপার চুরির সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করেছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।