স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে এক পরিবহন চালককে মারধরের অভিযোগে প্রতিবাদ জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন মালিক, চালক ও শ্রমিকরা। আজ বুধবার দুপুর ২টা থেকে মহাসড়কের জৈনাবাজারের আহম্মদ ফিলিং স্টেশন এলাকায় অবরোধ শুরু হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধের কারণে মহাসড়কের দুই লেনেই কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরিবহন সংশ্লিষ্টদের দাবি, জৈনাবাজারের আহম্মদ ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেয়ার জন্য মহাসড়কের পাশে একটি কভার্ডভ্যান দাঁড় করিয়ে চালক নামাজে যান। এ সময় হাইওয়ে পুলিশ এসে গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। পরে চালক এসে বাধা দিলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। বিষয়টি দেখে অন্য চালকরা এগিয়ে এসে প্রতিবাদ জানান এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
আলম এশিয়া পরিবহনের চালক আবুল কালাম বলেন, দুপুর দেড়টা থেকে রাস্তায় দাঁড়িয়ে আছি। যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে। প্রায় তিন ঘণ্টা হয়ে গেছে, তবুও মহাসড়ক ছাড়ছে না তারা।
তবে অভিযোগ অস্বীকার করে মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, মহাসড়কের লেন দখল করে গাড়িগুলো জ্বালানি নেয়ার জন্য লাইন করে দাঁড়িয়ে ছিল। সেগুলো সরিয়ে দিতে গেলে চালকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। মারধরের বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন।