স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরোধান ও এলাকার বসতবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে| বৃহস্পতিবার কালবৈশাখী ঝড়ে এ প্রায় এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরোধান ক্ষতি হয়েছে| এছাড়াও প্রবল ঝড়ে প্রায় ৪০০টি বসতবাড়ি ও ৪০টি পরিবারের বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে| এ ঘটনার খবর পেয়ে আজ শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু|
পরিদর্শনকালে তিনি বলেন, তিনটি গ্রামের সকল কৃষকই ক্ষতিগ্রস্ত হয়েছেন| ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি| ইতোমধ্যে সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে| ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে|
উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা জানান, ঝড়ের পর থেকেই কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন| তিনটি গ্রামের ৩০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার উৎপাদন ছিল প্রায় ১ হাজার ৮০০ টন| এছাড়াও সাড়ে ৩০০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪০টি বসতবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে| ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে| সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সহায়তা প্রদান করা হবে|