May 18, 2026, 4:18 pm

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

Reporter Name
  • আপডেট Friday, April 3, 2026
  • 44 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) নামের একটি কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে মারধর এবং ১ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার রাতে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাতজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা করেন ডিবিএল কারখানার কাটিং সুপারভাইজার নাঈম আহম্মেদ লাভলু। মামলার পরপরই অভিযান চালিয়ে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রাম থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাইতপাড়া গ্রামের মৃত তাজউদ্দিনের ছেলে শাহিন (২০), শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের মৃত সুলতান উদ্দিন খানের ছেলে নয়ন খান (১৮), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরবন্দি গ্রামের সুলতান উদ্দিনের ছেলে রবিন (২৪), একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে দুলাল মিয়া (৪০) এবং মাহবুব আলম (৩৫)। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার বাদী নাঈম আহম্মেদ লাভলু জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার সহকর্মী অরূপ রতন শর্মা, মিঠুন ও নিশাত ডিউটি শেষে কারখানা থেকে বের হলে আসামিরা তাদের অপহরণ করে দক্ষিণ ধনুয়া গ্রামের এবাদত আলী খানের বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে তাদের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করা হয়।
তিনি আরও জানান, সহকর্মীদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেলে আসামিরা তাকেও মারধরের চেষ্টা করে এবং তার মোটরসাইকেল আটকে রাখে। পরে কৌশলে সেখান থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিঠুন, নিশাত ও অরূপ রতনকে উদ্ধার করে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ বলেন, মামলার পর রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর