মোঃ আক্তার হোসেন ঢালী: দেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রম অসন্তোষ ও অস্থিতিশীলতার প্রভাব ক্রমেই প্রকট হয়ে উঠছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলন এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশের ১৪৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রায় তিন লাখ শ্রমিকের কর্মসংস্থান ও জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে বিজিএমইএ ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সদস্যদের জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিএমইএ সভাপতি মাহমুদুল হাসান খান।
তিনি জানান, শ্রম অসন্তোষের কারণে ইতোমধ্যে ৫৫টি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, আরও ৯২টি কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রাখা সম্ভব হয়নি। সব মিলিয়ে ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদুল হাসান খানের ভাষ্য অনুযায়ী, গত ১২ থেকে ১৪ দিন ধরে সরকার ও সংশ্লিষ্ট সংগঠনের অনুরোধে কারখানা সচল রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন মালিকরা। কিন্তু নিরাপত্তাহীনতা ও কর্মপরিবেশের অবনতির কারণে অনেক কারখানায় উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। তিনি অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। কিছু শ্রমিক নিজেরা কাজ না করার পাশাপাশি অন্য শ্রমিকদেরও কাজে বাধা দিচ্ছেন। এমনকি বিভিন্ন কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।
মাহমুদুল হাসান খান আরও জানান, নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিতব্য মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ অংশ নিয়ে তাদের প্রস্তাব উপস্থাপন করবে। তিনি পোশাকশিল্পে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন। একই সঙ্গে মালিক, শ্রমিক, সরকার ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাকশিল্প। এ খাতের অস্থিরতা শুধু শিল্পমালিকদের ব্যবসায়িক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সরাসরি প্রভাব পড়ে লাখো শ্রমিকের জীবন-জীবিকা, পরিবার এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে। বিশেষ করে গাজীপুর, টঙ্গী, সাভার ও আশুলিয়ায় পোশাকশিল্পের সঙ্গে যুক্ত বিপুলসংখ্যক শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। কারখানা বন্ধ থাকলে শ্রমিকদের আয়-রোজগার ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি শিল্পকারখানার উৎপাদন ও কর্মসংস্থান রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। মালিক-শ্রমিকের মধ্যে কার্যকর সংলাপ, পারস্পরিক আস্থা এবং সরকারের দায়িত্বশীল উদ্যোগের মাধ্যমেই এ সংকটের টেকসই সমাধান সম্ভব। প্রশ্ন এখন একটাই—শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি পোশাকশিল্পের কর্মসংস্থান ও উৎপাদন স্বাভাবিক রাখা যাবে তো? নাকি একের পর এক কারখানা বন্ধ হয়ে আরও গভীর হবে কর্মসংস্থানের সংকট?