দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সরকারি সূত্র জানায়, বৈঠকে দেশের চলমান জ্বালানি সংকট, শিল্প উৎপাদনে এর প্রভাব এবং ব্যবসায়িক ব্যয় বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। সাম্প্রতিক সময়ে জ্বালানি ঘাটতির কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে—এ বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়।
এছাড়া বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু। এই পরিষদের মাধ্যমে সরকার ও ব্যবসায়ী নেতাদের মধ্যে নিয়মিত ও কাঠামোগত সংলাপের একটি প্ল্যাটফর্ম তৈরি হবে, যা নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই পরিষদে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাতের ৯ জন শীর্ষ উদ্যোক্তা সদস্য হিসেবে থাকছেন। বৈঠকে ব্যাংক ঋণের উচ্চ সুদহার, বিনিয়োগে অর্থায়নের সীমাবদ্ধতা এবং পুঁজিবাজারের অস্থিরতা নিয়েও ব্যবসায়ী নেতারা তাদের উদ্বেগ তুলে ধরতে পারেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।