October 3, 2026, 2:14 pm

শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও চিত্রশিল্পীদের সম্মাননা প্রদান

Reporter Name
  • আপডেট Wednesday, September 9, 2026
  • 58 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ‘উৎসবে গর্বে দায়িত্বে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ের ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বিশিষ্ট চিত্রশিল্পীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, শিশু ও প্রথিতযশা শিল্পীদের ক্যানভাসে ঢাকার অতীত ইতিহাস ও ঐতিহ্য চমৎকারভাবে ফুটে উঠেছে। অতীত ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে সমন্বয় করে সংরক্ষণ করার তাগিদ দিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, ডিএসসিসির এই উদ্যোগ নগরবাসীর মধ্যে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ বাড়াতে সহায়তা করবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ উল্লেখ করেন, শত বছর পর প্রথিতযশা শিল্পীদের একত্রিত করে ঢাকাকে ক্যানভাসে তুলে ধরার এই উদ্যোগ ভবিষ্যতের জন্য এক অনন্য ঐতিহাসিক উপহার।
সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান চিত্রশিল্পকে সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হিসেবে বর্ণনা করেন এবং মহান মুক্তিযুদ্ধে জয়নুল আবেদিনসহ বীর চিত্রশিল্পীদের ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঁচটি বিভাগে মোট ১৫ জন বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি ঢাকাকে নিয়ে আঁকা ৪২টি চিত্রকর্মের জন্য ৪২ জন প্রথিতযশা চিত্রশিল্পীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য, জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী প্রদর্শনী শেষে এই ৪২টি অনন্য চিত্রকর্ম নগর ভবনে অবস্থিত ‘নগর জাদুঘরে’ স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর