দেওয়ান মোঃ মনিরুজ্জামান, বিশেষ প্রতিবেদক:: গাজীপুরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত করে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করেছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজ প্রাঙ্গণে অবস্থান নিয়ে তারা দাবি আদায়ে কর্মসূচি পালন করেন। এ সময় কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে ‘কমপ্লিট শাট ডাউন’ লেখা ব্যানার টাঙিয়ে দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তারা আগে থেকেই তিন শিক্ষক—মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মো. মোখলেছুর রহমান—এর বদলি দাবি করে আসছিলেন। সাত কর্মদিবসের মধ্যে ওই দাবি পূরণ না হওয়ায় তারা পুরো কলেজ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।
এর আগে, ২ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যক্ষ পদে যোগ্য ব্যক্তিকে নিয়োগের দাবিতে আন্দোলন করেন, যা পরবর্তীতে বাস্তবায়ন হয়। কিন্তু সেই আন্দোলনের সময় উল্লিখিত তিন শিক্ষক শিক্ষার্থীদের বৈধ ও শান্তিপূর্ণ কর্মসূচির বিরোধিতা করেন এবং হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে লিখিত আবেদন দিয়ে ওই শিক্ষকদের পাঠদান বর্জনের সিদ্ধান্ত নেন এবং শিক্ষার্থী বিষয়ক সব কার্যক্রম থেকে তাদের বাদ দেন। অভিযোগ রয়েছে, তারা এখনও নানা উপায়ে পাঠদানের পরিবেশ বিঘ্নিত করছেন ও শিক্ষার্থীদের অপমান করছেন। ফলে শিক্ষার্থীরা তাদের কাছে পড়াশোনা করতে অনিচ্ছুক। চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান চয়ন জানান, “শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত ও স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।