স্টাফ রিপোর্টার, গাজীপুর :: র্যাব পরিচয়ে শ্রমিকদের বেতন ও বোনাসের ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। উত্তরা, টঙ্গী ও রামপুরা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার র্যাব-১ উত্তরা এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানায়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ভোলার লালমোহন থানার শাহজাহান বারির ছেলে হামিম ইসলাম, গাইবান্ধার পলাশবাড়ী থানার মৃত আকবর আলীর ছেলে মো: জিন্নাহ মিয়া (২৭), টঙ্গীর হাতেম আলীর ছেলে আমিন হেসেন (৩০), দিনাজপুরের কাহারোলের ইউসুফ আলীর ছেলে রুবেল ইসলাম (৩৩) ও গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার সিরাজুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৪১)।
র্যাব জানায়, গত ৬ জুন বিকেলে শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে র্যাব পরিচয়ে কারখানার ৩ জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে। পরে তাদের কাছে থাকা শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লক্ষ ৪৫ হাজার টাকা ছিনতাই করে। উক্ত ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে। বুধবার রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১ এর একটি দল রাজধানীর রামপুরা, উত্তরা ও গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার মূলহোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস, ২টি খেলনা পিস্তল, ২টি র্যাব জ্যাকেট, ২টি র্যাবের ক্যাপ, ১টি হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জামাদি এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার করে।