August 7, 2026, 3:30 am

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা আগামী ২০ আগস্ট নির্বাচন

Reporter Name
  • আপডেট Thursday, August 6, 2026
  • 18 জন দেখেছে

বিজয়বাংলা টিভি ডেস্ক :: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নামসংবলিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠায় সংসদ সচিবালয়। সেই তালিকা পাওয়ার পর কমিশনের বৈঠকে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা পাওয়ার পর নির্বাচন কমিশন বৈঠক করে এবং সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করে।
গত ২৪ জুলাই গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করছেন।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়। সেই বিধান অনুসারেই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’ অনুযায়ী জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনি কর্তার দায়িত্ব পালন করেন। একজন প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজনকে সমর্থক হতে হয়। পাশাপাশি প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষরও বাধ্যতামূলক।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ কক্ষে। আর মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই এবং নির্বাচনসংক্রান্ত অন্যান্য কার্যক্রম সম্পন্ন হবে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে।
সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী থাকায় একবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হয়েছিল। এরপর অনুষ্ঠিত প্রতিটি রাষ্ট্রপতি নির্বাচনেই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর