June 2, 2026, 5:32 am

রান্নাঘরে মাদকের গোপন ভাণ্ডার, আলুর স্তূপ সরাতেই মিলল ২০ কেজি গাঁজা

Reporter Name
  • আপডেট Saturday, March 28, 2026
  • 63 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গ্রামের সাধারণ এক রান্নাঘর—চুলা, হাঁড়ি-পাতিল, পাশে সবজি ও আলুর স্তূপ। সবকিছুই যেন স্বাভাবিক। কিন্তু, সেই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়ে ছিল এক অভিনব ‘মাদক ভাণ্ডার’! শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়ল মাদক লুকানোর সেই গোপন কৌশল।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এ মাদক ভাণ্ডারের সন্ধান পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাতেমা আক্তার মিতু (৩২) নামের এক নারী মাদক কারবারিকে ২০ কেজি গাঁজাসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, আটক ফাতেমা আক্তার মিতু অত্যন্ত কৌশলে নিজের রান্নাঘরের মেঝেতে গর্ত করে তার নিচে একটি বড় প্লাস্টিকের ড্রাম পুঁতে রাখেন। ড্রামটির মুখে স্টিলের ঢাকনা বসিয়ে তার ওপর সিমেন্টের প্রলেপ দিয়ে এমনভাবে পাটাতন তৈরি করা হয়, যাতে দেখে বোঝার কোনো উপায় না থাকে। এরপর সেই ঢাকনার ওপর ছড়িয়ে রাখা হতো আলুসহ বিভিন্ন কাঁচা সবজি। ওই ড্রামেই ছিল বিপুল পরিমাণ গাঁজার মজুদ।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানিয়েছেন, অভিযানকালে রান্নাঘরের মেঝে ভেঙে ওই গোপন ড্রাম থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। মিতুকে আটক করা হয়েছে। তিনি বাহাদুরসাদী ইউনিয়নের মধ্য খলাপাড়া গ্রামের নাহিদ দর্জির স্ত্রী।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায় এবং এই অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা মাদক জব্দ করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানিয়েছেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আজ শরিবার (২৮ মার্চ) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর