নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :: রাজশাহীর কাটাখালী জনি বাহিনীর প্রধানসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার দিবাগত রাতে কাটাখালীর শ্যামপুর পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সাধারণ চাকু ও তিনটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বাহিনীর প্রধান জনি ইসলাম (২৩), কুরমান আরী (২২), মাসুম আলী (২৭), মো. সাগর (২০), টিপু সুলতান (২০), নুরমান ইসলাম (২০), সুজন আলী (৩০), আবদুল মান্নান খাঁ (২০) ও আবু হানিফ (১৯)।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা চাঁদাবাজি, জমিদখল ও ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এলাকায় তারা ‘জনি গ্যাং’ বা ‘জনি বাহিনী’ হিসেবে পরিচিত। বাহিনীর প্রধান জনির বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা আছে। বাহিনীর সদস্যরা একটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।