এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়কে দালালমুক্ত করতে এবং গ্রাহক হয়রানির বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। আজ বৃহস্পতিবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময় চার দালালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো: শান্ত গাজী (২০), মো: জহির (৪৮), মো: আলমগীর হোসেন (৫০) ও রতন আলী (১৯)।
ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, ‘বিআরটিএ’র ওই কার্যালয়ে দালালদের উৎপাতে গ্রাহকরা নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন। দালালদের বিরুদ্ধে বিআরটিএ’র অভিযান চলমান। তবে দালালচক্র থেকে সাবধান থাকতে হবে গ্রাহকদের। তাদের সরাসরি বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারীরদের সঙ্গে যোগাযোগ করতে হবে।