এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় মদের বার ও মাদক বিস্তারের বিরুদ্ধে রাজপথে নেমেছে স্থানীয় যুবসমাজ| শুক্রবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ১১ ন¤^র সেক্টরে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন এলাকার শতাধিক তরুণ ও সচেতন নাগরিক|
এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন—“উত্তরায় মদের বার থাকবে না”, “মাদকের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”| পরে তারা বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে এবং মোমবাতি জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ জানান|
সমাবেশে উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আনোয়ার ডালি বলেন, বিভিন্ন এলাকায় গড়ে ওঠা মদের বারগুলো স্থানীয় বাসিন্দাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে| বিশেষ করে তরুণ সমাজ খুব সহজেই এসব স্থান থেকে মাদক সংগ্রহ করে আসক্ত হয়ে পড়ছে, যা সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে পুরো এলাকাকে|
তিনি অভিযোগ করেন, এসব বারের আশপাশে প্রায়ই ছিনতাই, ইভটিজিংসহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপ ঘটে| অনেক ক্ষেত্রে মাদকাসক্তরা রাতের বেলায় বের হয়ে মোবাইল ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, ফলে নারী ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন|
তিনি আরও বলেন, উত্তরা একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, যেখানে বহু ভদ্র পরিবার বসবাস করে| এছাড়া এখানে রয়েছে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতাল| এমন এলাকায় অবৈধ মদের বার গড়ে ওঠা অত্যন্ত উদ্বেগজনক| অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই এসব বারে অবাধে মদ বিক্রি ও অনৈতিক কার্যকলাপ চলছে বলেও অভিযোগ করেন তিনি|
বিক্ষোভকারীরা দ্রুত এসব অবৈধ মদের বার বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন| তারা বলেন, “আমরা চাই আমাদের এলাকা মাদকমুক্ত হোক| তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে|”
সমাবেশ শেষে হাজী আনোয়ার ডালির নেতৃত্বে একটি মিছিল বের করা হয়, যা উত্তরা পশ্চিমপাড়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে| কর্মসূচির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং মাদকবিরোধী জনসচেতনতা ˆতরির আহ্বান জানানো হয়|
এদিকে এলাকাবাসীর অনেকেই জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে গড়ে ওঠা এসব বারের কারণে শিক্ষার্থীরা সহজেই মাদকাসক্ত হয়ে পড়ছে| তারা দ্রুত এসব অবৈধ স্থাপনা অপসারণ করে নিরাপদ ও সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান|