ক্রীড়া ডেস্ক:: স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে হেরে দেশে ফেরার আগে নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ও সংস্থাটির কয়েকজন কর্মকর্তার মোবাইল ফোন জব্দ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এই অভিযানের কারণে আর্জেন্টিনা দলের প্রতিনিধিদল বহনকারী অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের চার্টার ফ্লাইট প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবায়ে ও ক্লারিনের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, এএফএর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তির আর্থিক লেনদেন ও কাঠামো নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে তাপিয়া এবং অন্য কর্মকর্তাদের মোবাইল ফোনসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ জুলাই ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে সাক্ষ্য দিতে তাপিয়াকে তলব করা হয়েছে।
তদন্তকারীরা বিশেষভাবে ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রডএন্টার-এর কার্যক্রম খতিয়ে দেখছেন। ব্যবসায়ী হাভিয়ের ফারোনির সঙ্গে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এএফএর স্পনসরশিপ, প্রীতি ম্যাচ আয়োজন এবং টেলিভিশন স্বত্বের বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে কাজ করেছে।
ক্লারিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আর্জেন্টিনা জাতীয় দলের স্পনসরদের কাছ থেকে পাওয়া কয়েক মিলিয়ন ডলার ট্যুরপ্রডএন্টারের মিয়ামিভিত্তিক ব্যাংক হিসাবে জমা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব অর্থের একটি অংশ এএফএর আর্থিক হিসাবপত্রে যথাযথভাবে দেখানো হয়নি এবং লেনদেনে বিভিন্ন অনিয়ম হয়েছে। এই মামলার তদন্ত করছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রসিকিউটর প্যাট্রিক গুশু ও ক্রিস্টোফার টিং।
তদন্তের সূত্রপাত হয় ব্যবসায়ী গিয়ের্মো তোফোনির দায়ের করা প্রতারণার মামলার মাধ্যমে। তার অভিযোগ, ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রীতি ম্যাচ আয়োজনের চুক্তি এএফএ একতরফাভাবে বাতিল করেছে।
আদালতে জমা দেওয়া নথিতে আরও দাবি করা হয়েছে, ট্যুরপ্রডএন্টার প্রায় ৩০০ মিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্যে প্রায় ৪০ মিলিয়ন ডলার প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম নেই— এমন কয়েকটি প্রতিষ্ঠানের কাছে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বা ক্লদিও তাপিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। এখনো কোনো আদালত ক্লদিও তাপিয়া, এএফএ বা সংশ্লিষ্ট অন্য কাউকে দোষী সাব্যস্ত করেননি।