স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে ব্যাংক পাড়া শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে কসবা ইয়াং স্টার ও ভাই বন্ধু একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফির পাশাপাশি একটি ছাগল উপহার দেওয়া হয়। আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টঙ্গীর সাতাইশ খরতৈল ব্যাংক পাড়া বাইতুল আবরার মাদ্রাসাসংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় খেলোয়াড়, দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের নেতা হাজী মো. ফয়সাল আহমেদ রুবেল।
গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ইন্জিনিয়ার মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুন নূর জামে মসজিদের সভাপতি ডা. মো. আবুল কাশেম, ৫১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ হারুন, ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, সাবেক বিএনপি নেতা মো. রিপন মিয়া ও ব্যবসায়ী মো. আতিকুল ইসলাম, মো মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মনিরুজ্জামান তামজীদ।
এ সময় প্রধান অতিথি হাজী মো. ফয়সাল আহমেদ রুবেল বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে। তাই ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে তিনি আয়োজকদের প্রতি আহ্বান জানান। পরে টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এ সময় বিজয়ী কসবা ইয়াং স্টার দলের খেলোয়াড়দের বিশেষ উপহার হিসেবে একটি ছাগল প্রদান করা হয়।