July 21, 2026, 7:27 pm

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

Reporter Name
  • আপডেট Tuesday, July 21, 2026
  • 17 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। আজ মঙ্গলবার (২১ জুলাই) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি কামনা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, দায়িত্ব গ্রহণ উপলক্ষে তারেক রহমান বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় তারেক রহমান বলেন, প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নির্বাচন তার নেতৃত্বের প্রতি দল ও যুক্তরাজ্যের জনগণের আস্থার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্ব শান্তি, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক সুশাসন এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বার্তায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের অংশীদারিত্ব গড়ে উঠেছে।
তারেক রহমান বলেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দুই দেশের মধ্যে বন্ধুত্বের গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন এবং উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
অভিনন্দন বার্তায় দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি। বার্তার শেষে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ ও দায়িত্ব পালনে সফলতা কামনার পাশাপাশি যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী। সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যান্ডি বার্নহ্যাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর