মানিকগঞ্জ প্রতিনিধি:: মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচারের অভিযোগে চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে আনুমানিক সাড়ে চার লাখ টাকা মূল্যের এক হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা মোড় এলাকায় অভিযান চালিয়ে এ সব ইয়াবাসহ তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন, অ্যাম্বুলেন্স চালক রেজাউল করিম খান মিলন (৪১), ইয়াবা ব্যবসায়ী ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭) ও খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০)। তাদের সবার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।
মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ মেডিকেল কলেজের একটি সরকারি অ্যাম্বুলেন্সে অভিযান চালায় ডিবি পুলিশ। তল্লাশিকালে অ্যাম্বুলেন্স থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সটি জব্দ করার পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা দীর্ঘদিন ধরে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পরিবহন করে আসছিলেন। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।