October 19, 2026, 9:39 pm

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Monday, October 19, 2026
  • 18 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহাঃ  রাজধানীর উত্তরায় বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম শামীম এবং কার্যকরী সভাপতি নির্বাচিত হওয়ায় আতিকুর রহমান আনিসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আজ সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় উত্তরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান, সহ-সভাপতি মোঃ শামীম হাওলাদার ও মোঃ সোহেল রানা চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম বাশার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাওলানা মেহেদী হাসান নাজমুল।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, নওরোজের স্টাফ রিপোর্টার অলিদুর রহমান অলি, গাজীপুর মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বশির আলম, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ লিটন, জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ আবু সাঈদ চৌধুরী, সাংবাদিক জুয়েল ও সাংবাদিক জাহিদ হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এ ছাড়া সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম শামীম ও কার্যকরী সভাপতি আতিকুর রহমান আনিসকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা বলেন, একটি সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠনের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সংগঠনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সব জেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত
অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম শামীম বলেন, বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে পর্যায়ক্রমে দেশের সব জেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার পাশাপাশি মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। এ জন্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
৩০ ডিসেম্বর কক্সবাজারে শিক্ষা সফরের ঘোষণা
অনুষ্ঠানে আগামী ৩০ ডিসেম্বর কক্সবাজারে শিক্ষা সফরের ঘোষণা দেওয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় এবং সাংগঠনিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ শিক্ষা সফরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, দেশব্যাপী কমিটি গঠন এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ড সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। তাঁরা সংগঠনের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর