স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গীতে ভাদাম বাজারে মাদক কারবারি ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে টঙ্গীর ভাদাম বাজারে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন , ভাদাম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, সন্ত্রাস ও মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এ কারণে তার ভাই মোখলেছুর রহমানসহ বাজারের কয়েকজন ব্যবসায়ীর ওপর একদল মাদক কারবারি ও সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রফিক, আসিফ, আরিফ ও শফিকসহ কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বাজারের শান্তি বিনষ্টের অভিযোগ রয়েছে। তারা এসব অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, ভাদাম বাজারে ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভকারীরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বাজারে শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
প্রতিবাদ সভায় মো.মজিদ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপি সদস্য সচিব ও ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আসাদুজ্জামান নূর, জনি মাষ্টার,সৈয়দ কামাল ,আজিজ,মামুনসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণমান্য শক্তিবর্গ।