নিজস্ব প্রতিবেদক:: বেসরকারি পর্যায়ে পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও মানসম্মত করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়, ঢাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, ঢাকার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম। সভায় বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র ও মাদকাসক্তি পরামর্শ কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনা বিধিমালা, ২০২১ অনুসরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন, কাউন্সেলিং এবং সেবার মানোন্নয়ন নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা। এতে টঙ্গীর আউচপাড়া এলাকার Newlife Wellness Centre-এর পরিচালক মো. রনি খন্দকারসহ মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় রনি খন্দকার বলেন, “মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির সমস্যা নয়; এটি পরিবার ও সমাজের ওপরও ব্যাপক প্রভাব ফেলে। তাই মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিয়মনীতি মেনে সেবার মান আরও উন্নত করতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।” তিনি আরও বলেন, মাদকাসক্তদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসার পাশাপাশি কাউন্সেলিং, পারিবারিক সহযোগিতা এবং পুনর্বাসন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বেসরকারি পর্যায়ের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোকে নির্ধারিত বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সেবার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।