নিজস্ব প্রতিবেদক :: তৃতীয়বারের মতো দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এরই ধারাবাহিকতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা। আজ শুক্রবার জেলার মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয় ময়মনসিংহ অঞ্চলের প্রতিযোগিতা। এ দিন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার ময়মনসিংহ অঞ্চল পর্বের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও প্রধান অতিথি মো. সাইফুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক এ কে এম আলিফউল্লাহ আহসান, ভারপ্রাপ্ত উপপরিচালক মোহা. নাসিরউদ্দীন, জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন ও আঞ্চলিক উপকমিটির সদস্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) আবুল কালাম এবং সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের শেখ শামীম ইসলাম, উপপরিচালক (অর্থ ও প্রশিক্ষণ)। অতিথিদের বক্তব্যের পর প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হয়।
এ অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চল ষষ্ঠ থেকে ৯ম শ্রেণি (ক) ক্যাটাগরিতে ২৩ জন এবং দশম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি (খ) ক্যাটাগরিতে ৮২ জন শিক্ষার্থী এবং সর্বমোট ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১ ঘণ্টা লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এর নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-এর মূল্যায়ন ও ফলাফল ঘোষণা পর্বে ভাষাবিজ্ঞানী ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাতৃভাষা চর্চার মধ্য দিয়েই একটি জনগোষ্ঠী তার মনন, মেধা ও চিন্তা প্রকাশ করে। পৃথিবীতে অনেক মাতৃভাষা বিপন্ন অবস্থায় রয়েছে।
এসব ভাষা সঠিকভাবে চর্চা না করলে তা মৃত্যুমুখে পতিত হবে। মাতৃভাষা হারিয়ে যাওয়া মানে ওই ভাষার কৃষ্টি, সংস্কৃতি ও সভ্যতা বিলীন হয়ে যাওয়া। কাজেই বিপন্ন ভাষা চর্চা, অনুশীলন, পুনরুজ্জীবন, নথিবদ্ধকরণ আবশ্যক। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ কাজটি করে যাচ্ছে। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে।
আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন ও ফলাফল ঘোষণা করেন। পর সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপপরিচালক (অর্থ ও প্রশিক্ষণ) শেখ শামীম ইসলামের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো বলা হয়েছে, এ বছর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা অঞ্চলসহ মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। ক-ক্যাটাগরি— ষষ্ঠ থেকে ৯ম শ্রেণি ও খ-ক্যাটাগরি— ১০ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। প্রতিটি অঞ্চল থেকে ক-ক্যাটাগরিতে ১০ জন করে মোট ১০০ জন এবং খ-ক্যাটাগরিতে ১০ জন করে মোট ১০০ জন চূড়ান্ত পর্বে (আগামী বছরের জানুয়ারি-২০২৬-এ সুবিধাজনক সময়ে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
ফাইনাল রাউন্ডে ২ ক্যাটাগরিতে ৩ জন করে মোট ৬ জন প্রধান উপদেষ্টার কাছ থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবে এবং ক ও খ ক্যাটাগরি থেকে প্রথমস্থান অধিকারী ২ জন এ বছর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।
উল্লেখ্য, লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-২০২৬ অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইট http://www.imli.gov.bd-এ প্রবেশ করে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৬ সেবাবক্স থেকে রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করে শিক্ষার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন করে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিশ্বের সকল মাতৃভাষার সংরক্ষণ, পরিবর্ধন, পরিমার্জনের কাজ করে থাকে। এই ইনস্টিটিউট বিশ্বের সকল মাতৃভাষাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। মাতৃভাষা সংক্রান্ত গবেষণামূলক কাজের পাশাপাশি প্রতিবছর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানো ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ২০২৪ সালে প্রথমবার লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করে।