নিজস্ব প্রতিবেদক :: ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। আজ মঙ্গলবার দিনব্যাপী তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে ভুক্তভোগীদের খোঁজখবর নেন এবং ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
পরিদর্শনের শুরুতে তারা গৌরীপুর উপজেলার ভাঙনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে নদীভাঙনের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন। পরে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর নামাপাড়া গ্রামে বাস্তুচ্যুত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন। এছাড়া সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর শ্রীকলদী ও কুষ্টিয়া ইউনিয়নের চর দরি গ্রাম পরিদর্শন করে ক্ষয়ক্ষতির চিত্র দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নদীভাঙন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ক্ষতিগ্রস্তদের তালিকা হালনাগাদ এবং দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিক। ত্রাণ সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হবে এবং কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে একা ফেলে রাখা হবে না। জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সহায়তা দেওয়া হচ্ছে এবং সরকারি নীতিমালা অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নদীভাঙনের স্থায়ী সমাধানের দাবি জানান।