নাটোর প্রতিনিধি :: ভূমি অফিসগুলোতে সেবা প্রাপ্তিতে হয়রানি, অনিয়ম, দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে এখন থেকে দ্রুত মিলবে এর প্রতিকার। রাজশাহী বিভাগের ৮টি জেলার উপ-উপজেলা সদর ভূমি অফিসগুলোতে এক যোগে এ সংক্রান্ত ব্যানার সাঁটানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা মডেল ভূমি অফিসে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্দেশনা ও কর্মসূচির অংশ হিসাবে এ কার্যক্রম উদ্বোধন করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন।
এতে ই-নামজারি থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের ০১৭৬২-৬৯২১০৩ এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভূমিসংক্রান্ত যেকোনো অভিযোগ ০১৭০৬-৮৮৮৭৮৭ নম্বরে জানানো যাবে। অভিযোগ প্রমাণিত হলে গোপনীয়তা বজায় রেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়াও ভূমি সেবা হটলাইন (১৬১২২) যেকোনো ভূমি অফিসে ঘুষের দাবি বা হয়রানির শিকার হলে ভুক্তভোগীরা সরাসরি ১৬১২২ নম্বরে অভিযোগ জানাতে পারবেন। এটি সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সচল থাকে এবং মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হয়। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনারসহ উপজেলার ৭টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও বিভিন্ন বয়সি ভূমি সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।