স্পোর্টস ডেস্ক :: ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কড়া নিরাপত্তার মধ্যে দেশটিতে পা রেখেছে সেলেসাওরা। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পুরো পথে টিম বাস থেকে ভক্ত-দর্শনার্থীদের দূরে রাখতে মোতায়েন ছিল বিপুলসংখ্যক পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে কলকাতার বিমানবন্দরে অবতরণ করে ব্রাজিল দল। এরপর দেশটির প্রতীকী সবুজ ও হলুদ রঙে সাজানো দুটি বাসে করে ভিআইপি গেট দিয়ে দ্রুত বিমানবন্দর ছাড়ে তারা। নিরাপত্তাব্যবস্থা এতটাই কঠোর ছিল যে বিমানবন্দরের আশপাশ কিংবা দলের চলাচলের পথের ধারে দাঁড়ানোর সুযোগ পাননি দর্শকরা। মাত্র ১১ মিনিটের মধ্যে ৯০ সদস্যের দল নিয়ে বিমানবন্দর ত্যাগ করে দুটি বাস ও পাঁচটি ব্যক্তিগত গাড়ি। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছাতে তাদের সময় লাগে মাত্র ৮ মিনিট। টিম হোটেলের আশপাশেও ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।
হোটেলের ভেতরে অবশ্য কিছু দর্শক ব্রাজিলের ফুটবলারদের একনজর দেখার সুযোগ পান। ক্যাপ পরা ভিনিসিয়ুসকে দেখতেই লবি থেকে ভেসে আসে ‘ভিনি ভিনি’ স্লোগান। খেলোয়াড়দের পরনে ছিল জলপাই সবুজ রঙের হুডি, শর্টস ও হলুদ ক্যাপ। ইনজুরির কারণে রাফিনিয়াকে ছাড়াই কলকাতায় এসেছে ব্রাজিল দল।
শনিবার (৩ অক্টোবর) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর আগে শুক্রবার (২ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তির উপস্থিত থাকার কথা রয়েছে। তার সঙ্গে থাকবেন ব্রাজিলের একজন ফুটবলার। এরপর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুবভারতীর মূল মাঠে অনুশীলন করবে দলটি। অনুশীলন শেষে পুরো দল হোটেলে ফিরে যাবে। এরপর আর কোনো কর্মসূচি নেই ।