পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, বাগেরহাটের যৌথ উদ্যোগে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। আজ শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করা হয়। পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন। স্বাগত বক্তব্য দেন বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহীন কবির।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, গাছ পরিবেশের সবচেয়ে বড় বন্ধু এবং প্রাকৃতিক নিয়ামত। গাছ অক্সিজেন সরবরাহ করে মানবজাতিকে টিকিয়ে রাখে। গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, কিয়ামত নিশ্চিত জেনেও হাতে গাছের চারা থাকলে তা রোপণ করা উচিত। গাছ থেকে প্রাপ্ত ফল ও ছায়া মানবজাতি ও পশুপাখির উপকারে আসলে তা রোপণকারীর জন্য সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হয়।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুলতানা জেসমিন বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তুলে ধরে বলেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আগামীতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বাংলাদেশের মতো উপকূলীয় দেশগুলো চরম ঝুঁকিতে রয়েছে। দেশের ভৌগোলিক আয়তনের তুলনায় বনাঞ্চলের পরিমাণ অপ্রতুল উল্লেখ করে তিনি বৈশ্বিক উষ্ণায়ন রোধে সর্বস্তরে বৃক্ষরোপণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বন উজাড়ের ফলেই অনাবৃষ্টি, খরা, জলোচ্ছ্বাস ও বজ্রপাতের মতো দুর্যোগ বাড়ছে। সবুজ বাংলাদেশ গড়তে গাছ লাগানোর পাশাপাশি তা পরিচর্যার ওপর জোর দেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম ছাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং বিদ্যালয় মাঠের দক্ষিণ প্রান্তে চারা রোপণ করে কর্মসূচির সমাপ্তি টানেন।