August 25, 2026, 2:40 pm

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Tuesday, August 25, 2026
  • 14 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মি. জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) মি. জাওয়াদ আজাউই এবং সিনিয়র পলিটিক্যাল অ্যাডভাইজার মি. লুবাইন চৌধুরী মাসুম। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে তাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ ও নেদারল্যান্ডস-এর পারস্পরিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
বিরোধী দলীয় নেতা এসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ুজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতার নেদারল্যান্ডস সরকারের নেওয়া বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতও সংসদে বিরোধী দলের গঠনমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ নিশ্চিতে রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকার ও বিরোধী দলের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যান্ডস-এর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা রাষ্ট্রদূতকে বিরোধী দলীয় নেতার বাসভবনে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে ঘুরে দেখান। এসময় বিরোধীদলীয় নেতার সঙ্গে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর