June 2, 2026, 5:32 am

বিমানবন্দরে ‘ছদ্মবেশী র‍্যাপার’ চক্র, দুই মাসে গ্রেপ্তার ৩৬

Reporter Name
  • আপডেট Saturday, March 28, 2026
  • 57 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দর্শনার্থীর ছদ্মবেশে যাত্রীদের ফাঁদে ফেলছে একটি চক্র। প্যান্টের নিচে লুকিয়ে রাখা পলিথিন দিয়ে নিমিষেই যাত্রীদের ব্যাগ মুড়িয়ে (র‍্যাপিং) হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা।
অভিনব এই প্রতারণার অভিযোগে গত দুই মাসে এমন ৩৬ জন ‘ছদ্মবেশী র‍্যাপার’কে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এপিবিএনের সহকারী পুলিশ সুপার রাকিবুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিমানবন্দরের প্রবেশপথসংলগ্ন গোলচত্বরের বাইরে অবস্থান করে যাত্রীদের টার্গেট করতেন। যাত্রী দেখলেই তারা ব্যাগ র‍্যাপিংয়ের প্রস্তাব দিতেন এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করতেন।
প্রতারকদের কৌশল ছিল বেশ অভিনব। তারা প্যান্টের নিচে লুকিয়ে রাখা পলিথিন দ্রুত বের করে অল্প সময়েই ব্যাগ মুড়িয়ে ফেলতেন। এতে অনেক যাত্রী বিভ্রান্ত হয়ে তাদের সেবা গ্রহণ করতেন এবং অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হতেন।
যাত্রীদের অভিযোগের ভিত্তিতে এই চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করে এপিবিএন। এসব অভিযানে গত ফেব্রুয়ারি মাসে ২১ জন এবং চলতি মার্চ মাসে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।
এপিবিএন জানায়, বিমানবন্দরের বহির্গমন কনকোর্স এলাকায় নির্ধারিত মূল্যে ব্যাগ র‍্যাপিংয়ের জন্য আধুনিক মেশিন স্থাপন করা রয়েছে। যাত্রীদের এসব নির্ধারিত সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বিমানবন্দর এলাকায় যাত্রীদের হয়রানি ও প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এপিবিএন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর