স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিজয় দিবস উদযাপন উপলক্ষে তারুণ্যকে ক্রীড়ামুখী করতে গাজীপুর জেলার কাপাসিয়া ইউথ ফোরামের উদ্যোগে ‘সালাহউদ্দিন আইউবী ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের মাঠে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টিম টোক ফুটবল একাদশ ও রায়েদ ফুটবল একাদশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আইয়ুবী খেলাটির উদ্বোধন করেন।
এ সময় সালাহ উদ্দিন আইয়ুবী তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘আয় অরুণ্য অজয়। আয় অগ্নিগিরির লাভার মতো উদগীরিত হই-দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই! দুই কুল ভাঙ্গা দুকুল ঝরের মতো নৃত্য তুলে পায় – আয় তরুণরা আয়। তরুণের তেজ, যুবকের উদ্যোগ কাপাসিয়ার পরিবর্তনে আমরা সহযোগী।’
তিনি আরও বলেন, ‘বিজয় দিবসের তাৎপর্য উপলব্ধি করে যুব সমাজকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল এনাম।
অনুষ্ঠানে গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, কাপাসিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটন।
আয়োজক কমিটি ঘোষণা করে, টুর্নামেন্টের বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। তারুণ্যের এই ফুটবল টুর্নামেন্ট বিজয় দিবসের চেতনাকে মাঠে ময়দানে ছড়িয়ে দিতে সহায়তা করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।