নিজস্ব প্রতিবেদক:: বিগত বছরের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থতির উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সন তিনি এসব কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমর্যাদা জনগণই বিবেচনা করবে। তবে তাদের নৈতিকভাবে উৎসাহিত করা প্রয়োজন, যাতে তারা জনপ্রত্যাশা অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নে কাজ করতে পারে। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেয়া, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেফতারে ভূমিকা রাখায় মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল বাড়বে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার। ভালো কাজের স্বীকৃতি ও খারাপ কাজের তিরস্কারের ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে- টিআইবির এমন প্রতিবেদন পত্রিকা নির্ভর। বাস্তবে গত বছরের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।