August 26, 2026, 5:54 pm

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, August 26, 2026
  • 16 জন দেখেছে

দিনাজপুর প্রতিনিধি:: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে। দলটি কখনো একা চলার রাজনীতি করে না; বরং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই বিএনপির মূল শক্তি। আজ বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লা ও গ্রামে দলের সাংগঠনিক ভিত্তি সম্প্রসারণের পাশাপাশি কর্মীসংখ্যা বৃদ্ধি ও সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে। নেতাকর্মীদের আচরণ, সততা ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। সমাজের অসুস্থ, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব’। মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একটি উন্নত পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু নিজের সন্তান নয়, প্রতিবেশীর সন্তানদের শিক্ষার প্রতিও সবাইকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী শিক্ষাবান্ধব, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর