September 22, 2026, 5:36 pm

বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা

Reporter Name
  • আপডেট Tuesday, September 22, 2026
  • 24 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর প্রতি কিলোমিটার বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৪০ পয়সা; ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৭০ পয়সা হবে।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের জানান, বিআরটিএ, বুয়েটসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে বাসভাড়া নির্ধারণের একটি নীতিমালা রয়েছে। ওই নীতিমালা অনুযায়ী জ্বালানি তেলের দাম বাড়লে নির্দিষ্ট হারে বাসভাড়া বাড়ে। এবার হিসাব অনুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ার কথা ছিল।
তিনি জানান, জনস্বার্থ বিবেচনায় মালিক সমিতিকে সরকারি নির্ধারিত হারের চেয়ে ৩ পয়সা কম নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মালিকরা এতে সম্মতি দিয়েছেন। ফলে প্রতি কিলোমিটারে ২০ পয়সার পরিবর্তে ১৭ পয়সা ভাড়া বাড়বে।
গত রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিনের দাম ১৩৫ থেকে বাড়িয়ে ১৫৫ টাকা, পেট্রলের দাম ১৪০ থেকে বাড়িয়ে ১৬০ টাকা আর অকটেনের দাম ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫ টাকা করা হয়।
জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি করে ১১৫ টাকা নির্ধারণ করে। আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও বিগত পাঁচ মাস দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। পার্শ্ববর্তী দেশসমূহে জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় অনেক বেশি।
এদিকে, জ্বালানি তেলের দাম এক লাফে লিটার প্রতি ২০ টাকা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর বাস ভাড়াও বাড়ানোর প্রস্তাব দেন পরিবহন মালিকরা। কিলোমিটার প্রতি বাস ভাড়া ১৮ থেকে ২০ পয়সা বাড়াতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে প্রস্তাব দিয়েছিলেন তারা। তবে, বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে জ্বালানি তেলের বাড়তি দামের পাশাপাশি বাস পরিচালনার অন্যান্য ব্যয়ও বিবেচনায় নেওয়া হয়েছিল।
সে সময় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন বলেন, “জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাস ভাড়া কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছি আমরা। সে হিসাবে লিটারে ২০ টাকা বাড়লে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে। প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হবে। আমাদের প্রস্তাব আমরা বিআরটিএর কাছে দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ এটি মন্ত্রণালয়ে পাঠাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর