স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলী অলি (৩৮) নামে এক যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন এ তথ্য নিশ্চিত করেন।
আটক মোহাম্মদ আলী অলি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর (উজান চন্নপাড়া) গ্রামের জাহের উদ্দিনের ছেলে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানাধীন নয়নপুর এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর ২০৩ রক্ষণাবেক্ষণ ইউনিটের ফটকের সামনে ইউনাইটেড পরিবহনের একটি বাস থামিয়ে অভিযান চালানো হয়। এ সময় তাঁকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, ইউনাইটেড পরিবহনের একটি বাসে এক ব্যক্তি অবৈধ ইয়াবা বহন করছেন। এ তথ্যের ভিত্তিতে নয়নপুর এলাকায় বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মোহাম্মদ আলী অলির কাছ থেকে দুই হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।